বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েজকসু নির্বাচনেও জয় পেল শিবির

জকসু নির্বাচনেও জয় পেল শিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য প্যানেলে’র ভিপি, জিএস, এজিএস পদে নিরঙ্কুশ জয়লাভ করেছে। এর আগে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুতে শিবিরসমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে জয়ী হয়।

বুধবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৩০ মিনিটে কেন্দ্রীয় সংসদের ৩৮ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী ।

৩৮ কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, শিবিরসমর্থিত প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে জয়লাভ করে। তার নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী এ কেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। তাদের দুজনের মধ্যে ৮৮০ ভোটের ব্যবধান রয়েছে।

সাধারণ সাধারণ (জিএস) পদে শিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তার নিকটতম ছাত্রদলসমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলে’র জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২২০৩ ভোট। ছাত্রদলের জিএস থেকে ৩২৬৭ ভোট বেশি পেয়েছেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী।

এজিএস পদে শিবিরসমর্থিত প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৫০০২ ভোট। তার নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এজিএস প্রার্থী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩৮৬৮ ভোট।

তবে ভোট গণনার সময় আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন কেন্দ্রের ফলাফলে এগিয়ে ছিলেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব। দুপুরের পরে বিভিন্ন কেন্দ্রের ফলাফলে রাকিবের জয়ের আশায় ভাটা নামে। এছাড়া জিএস পদে গণনা ও ফলাফল ঘোষণার শুরু থেকেই জয়ের বন্দর থেকে দূরে সরে যেতে থাকেন ছাত্রদলের প্রার্থী খাদিজাতুল কুবরা। তবে শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে এজিএস পদে শিবিরের মাসুদ রানা ও ছাত্রদলের তানজিলের মধ্যে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৯ বছর পর প্রথমবার ছাত্র সংসদ নির্বাচন ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের বৃহত্তম দুই দলের নেতাকর্মীদের মধ্যে চলছে উত্তেজনা। জকসু ভোটকেন্দ্রের বাইরে জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এটা নিয়ে ছাত্রদলকে সমালোচনা করতেও দেখা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ