চট্টগ্রাম–৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. একেএম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। দ্বৈত নাগরিকত্বের কারণে তার এ মনোনয়ন বাতিল করা হয়। তবে একই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী আবু সুফিয়ানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
রবিবার, ৪ জানুয়ারি সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।
রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, জামায়াত প্রার্থী ডা. একেএম ফজলুল হকের দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য ও কাগজপত্রে অসংগতি পাওয়া যায়। নির্বাচন আইন অনুযায়ী কোনো ব্যক্তি দ্বৈত নাগরিকত্ব বহাল রেখে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন না। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ বিষয়ে জামায়াত প্রার্থী ডা. একেএম ফজলুল হক আপিল করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি গত ২৮ ডিসেম্বর ইউএস অ্যাম্বেসিতে আমার দ্বৈত নাগরিকত্ব বাতিলে আবেদন জমা দিয়েছি এবং তারা আমাকের আগামী ৫ জানুয়ারি অ্যাপয়নমেন্ট দিয়েছে। সেখানে আমি তাদের পাসপোর্ট, সিনিজেন সার্টিফিকেট এবং সোশ্যাল সিকিউরিটি কার্ডসহ নিয়ে গেলে তারা এসব গ্রহণ করে আমাকে সার্টিফিকেট দিবে। এরপর আমি আপিল করব। আশা করি আমার সবকিছু ফুল ফিলাপ হয়ে গেলে আমার প্রার্থীতা বহাল হয়ে যাবে ইনশাল্লাহ।’
তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের জন্য আবেদন করেছেন এবং বিষয়টি প্রক্রিয়াধীন। আগামীকাল সোমবার এ বিষয়ে শুনানি রয়েছে উল্লেখ করে তিনি তার প্রার্থিতা বহাল রাখার আবেদন জানান। তবে রিটার্নিং কর্মকর্তা জানান, আবেদন প্রক্রিয়াধীন থাকা মানেই নাগরিকত্ব ত্যাগ সম্পন্ন হয়েছে— এমনটি ধরে নেওয়ার সুযোগ নেই।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার চট্টগ্রামে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রার্থীদের দাখিলকৃত হলফনামা, পাসপোর্ট সংক্রান্ত তথ্য এবং নাগরিকত্ব সংক্রান্ত নথি বিশেষভাবে পর্যালোচনা করা হয়।
এ বিষয়ে বিএনপির প্রার্থীর আবু সুফিয়ান বলেন, ‘পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে মাননীয় রিটার্নিং অফিসার আমাকে বৈধ ঘোষণা করেছে। আমি শুকরিয়া আদায় করছি। আমরা অপেক্ষা করব, যেদিন আমরা প্রতীক বরাদ্দ পাব সেদিন থেকে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হবে। আমি সবার সহযোগিতা, সবার দোয়া চাই।




