মনোনয়ন যাচাই বাছাইয়ে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মনোনয়ন যাচাই বাছাই।
এতে সমর্থনকারীর সাক্ষর না থাকা ও আয়কর সংক্রান্ত তথ্য না দেওয়ায় সহ বিভিন্ন কারণে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী আব্দুর রহমানের মনোনয়ন বাতিল হয়। একই আসনে দলীয় মনোনয়ন সঠিক না থাকায় গণঅধিকার পরিষদের বেলাল উদ্দীন ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী প্রমোদ বরন বড়ুয়া মনোনয়ন বাতিল করে রিটার্নিং কর্মকর্তা।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ঋণখেলাপী হওয়ায় মনোনয়ন বাতিল হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এম এয়াকুব আলীর। দলীয় মনোনয়ন সঠিক না থাকায় জাতীয় পার্টির প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরীরও মনোনয়ন বাতিল হয় এদিন। এছাড়া ১ শতাংশ ভোটারের তথ্য যাচাইয়ে সত্যতা না পাওয়ায় বাতিল হয় দুই স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সাদাত আহমেদ ও মোহাম্মদ শাখাওয়াত হোসাইনের মনোনায়ন। তবে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের বাতিল হয়নি কোনো প্রার্থীর মনোনয়ন।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা বশির আহমদ বলেন, আজ চট্টগ্রাম তিনটি আসনের মনোনয়ন যাচাই বাছাই করা হয়। এতে ৭ জনের মনোনয়ন বাতিল হয়। আগামীকাল (রোববার) বাকি আসনগুলোর মনোনয়ন যাচাই বাছাই করা হবে। এদিন বিভাগীয় কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।




