ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
রাজধানীর মালিবাগ ডিআইটি রোড এলাকার আল-মুসলিম গার্মেন্ট কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৯টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের তিন তলার একটি স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়। রাত ৮টায় গার্মেন্ট ছুটি হয়ে যাওয়ায় সেখানে কোনো শ্রমিক-কর্মচারি ছিলেন না। এঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস সদস্যরা। ভবনটিতে এখন ড্যাম্পিংয়ের (গরম ফ্লোরকে পানি দিয়ে ঠাণ্ডা করা) কাজ চলছে বলেও জানান তারা।
এদিকে, তৃতীয় তলার দায়িত্বপ্রাপ্ত ফ্লোর ইনচার্জ হেকিম অসুস্থ্য হয়ে পড়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া ভবনের পাঁচতলায় কয়েকজন শ্রমিক ছিলেন। কিন্তু আগুন তিন তলার ওপরে না যাওয়ায় তারা অক্ষত রয়েছেন।
ফায়ার র্সার্ভিসের প্রধান কার্যালয়ের অপারেশন ও মেইনট্যানেন্স পরিচালক মেজর এম মাহবুব বলেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের তিনটি স্টেশনের ৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। সড়কে তীব্র যানজট থাকায় আমরা সময়মতো ঘটনাস্থলে আসতে পারিনি। তবে আমরা সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনো কিছু বলা যাবে না।
পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) মো. নূর আলম সিদ্দিক বলেন, ৯টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।




