জমকালো আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিজনেস ফেস্ট ৪.০ ও বিদায় অনুষ্ঠান। ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস ক্লাবের উদ্যোগে স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে আয়োজিত ফেস্টে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে ছিল- বিজনেস প্ল্যান আইডিয়া, কুইজ প্রতিযোগিতা, ভিডিও ডকুমেন্টারি প্রতিযোগিতা, ফেয়ারওয়েল প্রোগ্রাম, বিভিন্ন পণ্যের স্টল প্রদর্শনী, ব্যান্ড সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
বুধবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত ফেস্টে প্রধান অতিথি ছিলেন নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই মো. রাকিবুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ নাজিম উদ্দিন।
উপস্থিত ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, অধ্যাপক সালেহ জহুর, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভাগীয় প্রধান ড. মো. সিরাজুল ইসলাম, বিভিন্ন করপোরেট ব্যক্তিত্ব, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথি মো. রাকিবুর রহমান বলেন, একবিংশ শতাব্দীর প্রতিযোগিতামূলক করপোরেট বিশ্বে টিকে থাকতে শিক্ষার্থীদের আধুনিক দক্ষতা, প্রযুক্তি জ্ঞান এবং বাস্তব ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা অর্জন জরুরি। দেশের অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য ব্যবসায় প্রশাসন বিভাগের অ্যালামনাই মো. রাকিবুর রহমানকে ‘বেস্ট উদ্যোক্তা ২০২৫’ পুরস্কারে ভূষিত করা হয়।




