ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
দীর্ঘ ১৬ দিন অবরুদ্ধ থাকার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গেছেন। সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান। সর্বশেষ গত ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে গুলশান কার্যালয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছিলেন খালেদা জিয়া।
এর আগের দিন তিনি সংবাদ সম্মেলন করে গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি ঘোষণা করেছিলেন। কর্মসূচি ঘোষণার পর থেকেই তাঁর বাসা ও কার্যালয়ের সামনে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। ২৫ ডিসেম্বর তাঁর কার্যালয়ে দলের নেতাদের ঢুকতে দেয়নি পুলিশ। কয়েকজনকে আটকও করা হয়।
২৫ ডিসেম্বরের পর আজ প্রথমবারের মতো নিজের বাসা থেকে বের হচ্ছেন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির এ কথা জানান।




