শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন২৯ দিনের মাথায় আবারও বদলি হলো চট্টগ্রামের ডিসি, নতুন দায়িত্বে জাহেদুল ইসলাম...

২৯ দিনের মাথায় আবারও বদলি হলো চট্টগ্রামের ডিসি, নতুন দায়িত্বে জাহেদুল ইসলাম মিঞা

মাত্র ২৯ দিনের মাথায় আবারও বদলি হলো চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জের বর্তমান ডিসি মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

২৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা ২০২৪ সালের ১৪ জানুয়ারি নারায়ণগঞ্জের ডিসি হিসেবে যোগদান করেছিলেন।

এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে ফেনীর ডিসি সাইফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যিনি মাত্র ২৯ দিন পরই বদলি হলেন। তারও আগে মাত্র ২৪ দিন আগে চট্টগ্রামের নতুন ডিসি হিসেবে মোহাম্মদ আব্দুল আউয়ালকে নিয়োগ দেওয়া হলেও তিনি যোগদানের আগেই সেই আদেশ বাতিল করে সরকার।

জাহেদুল ইসলাম মিঞা: ১৯৭৯ সালে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় জন্ম নেওয়া জাহিদুল ইসলাম মিঞা মা-বাবার তিন সন্তানের মধ্যে সবচেয়ে বড়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করে পরবর্তী সময়ে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৃত্তির আওতায় আন্তর্জাতিক মানবসম্পদ ব্যবস্থাপনায় কৃতিত্বের সঙ্গে যুক্তরাজ্য থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

২০০৬ সালে ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার হিসেবে লালমনিরহাট জেলায় যোগ দেন জাহিদুল ইসলাম। পরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে গাইবান্ধা জেলার পলাশবাড়ী ও মৌলভীবাজারের সদরে উপজেলায়ও দায়িত্ব পালন করেন। পদোন্নতি পেয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জে এবং নোয়াখালী জেলার চাটখিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালীন ২০১৫ সালে জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তার পুরস্কার পেয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে একযোগে নয়টি জেলার জেলা প্রশাসক পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে। নতুন পদায়নে যারা দায়িত্ব পেয়েছেন—লক্ষ্মীপুরে এস এম মেহেদী হাসান (পরিচালক, বিপিএটিসি), মুন্সীগঞ্জে সৈয়দা নূর মহল আশরাফী (উপসচিব, পরিকল্পনা বিভাগ), নেত্রকোণায় মো. সাইফুর রহমান (উপসচিব, নৌপরিবহন মন্ত্রণালয়), চাঁপাইনবাবগঞ্জে মো. শাহাদাত হোসেন মাসুদ (উপসচিব, অর্থ বিভাগ), নওগাঁয় মোহাম্মদ সাইফুল ইসলাম (পরিচালক, প্রধান উপদেষ্টার কার্যালয়), খাগড়াছড়িতে মো. আনোয়ার সাদাত (উপসচিব, নৌপরিবহন মন্ত্রণালয়), কুমিল্লায় মু. রেজা হাসান (প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজশাহী জেলা পরিষদ), নারায়ণগঞ্জে রায়হান কবির (উপসচিব, জনবিভাগ)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। নির্বাচন ঘিরে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একের পর এক রদবদলকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন প্রশাসন সংশ্লিষ্টরা। এর আগেও কয়েক দফায় ডিসি পর্যায়ে পরিবর্তন এনেছে সরকার।

আরও পড়ুন

সর্বশেষ