একীভূত হতে যাওয়া শরীয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো: এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, ইউনিয়নও গ্লোবাল ইসলামী ব্যাংক। সমস্যাগ্রস্ত শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক মিলে একটি বড় ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ চূড়ান্ত রূপ নিল। আজ বুধবার বিকেলে ব্যাংকগুলোর দায়িত্ব বুঝে নেবেন প্রশাসকরা। বাংলাদেশ ব্যাংকের তিন জন নির্বাহী পরিচালক ও দুই জন পরিচালক ব্যাংকগুলোর প্রশাসক পদে নিয়োগ পাবেন। একইসঙ্গে এসব ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে যাচ্ছে। নিয়মিত এমডিরা বাদ পড়ছেন বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক আজ সকালে ব্যাংকগুলোকে চিঠি দিয়ে জানিয়েছে, এখন থেকে এসব ব্যাংক চলবে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের আওতায়। সার্বিক বিষয় তুলে ধরতে আজ বিকেল ৪টায় সংবাদ সম্মেলন ডেকেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। প্রশাসক হিসেবে কোন ব্যাংকে কাকে দায়িত্ব দেওয়া হবে এবং তাদের কাজ কী হবে তা ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রশাসকরা দায়িত্ব নেওয়ার পর প্রথম ধাপে প্রত্যেক আমানতকারীকে আমানত সুরক্ষা তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে।




