শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসীতাকুণ্ড আসনে মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, বিএনপির চার নেতা বহিষ্কার

সীতাকুণ্ড আসনে মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, বিএনপির চার নেতা বহিষ্কার

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় চার নেতাকে বহিষ্কার করেছে দলটি। সোমবার (৩ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বহিষ্কৃত নেতারা হলেন— স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুন্ড পৌরসভার আহ্বায়ক মামুন, যুবদলের সোনাইছড়ীর সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে তারা (বহিষ্কৃতরা) চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুন্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার, জলিল গেট এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এসব কর্মকাণ্ডের জন্য দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে এই চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা থেকে বিএনপি নেতাদের মনোনয়ন ঘোষণার পর থেকে আসলাম চৌধুরীর অনুসারীরা মহাসড়ক অবরোধ করে। এর ফলে যানজটের পাশাপাশি রাস্তার পাশের দোকান ও বিভিন্ন ছোট ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীরা ভাঙচুরের আশঙ্কায় আতঙ্কিত হয়েছেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান বলেন, বিএনপি নেতা আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় তার অনুসারীরা সড়ক অবরোধ করেছে। আমাদের টিম ঘটনাস্থলে আছে। তাদের সঙ্গে কথা বলে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ