আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ট্রাস্ট পরিচালিত আইআইইউসি টাওয়ার থেকে প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুদকের উপ-পরিচালক কমল চক্রবর্তী বাদী হয়ে জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন।
দুর্নীতিতে অভিযুক্তরা হলেন, সাবেক সংসদ সদস্য ও আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান আবু রেজা নদভী, সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, আইআইইউসি টাওয়ার সমন্বয়ক ও বোর্ড অব ট্রাস্টিজ সদস্য অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, বোর্ড অব ট্রাস্টিজ সদস্য যথাক্রমে অধ্যাপক সালেহ জহুর, ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, রিজিয়া রেজা চৌধুরী, খালেদ মাহমুদ, অধ্যাপক ফসিউল আলম, অধ্যাপক আব্দুর রহিম, ড. শামসুজ্জামান, বদিউল আলম, সাবেক দুই রেজিস্ট্রার অধ্যাপক হুমায়ুন কবির ও শফিউর রহমান, টাওয়ার ম্যানেজমেন্ট সদস্য অধ্যাপক ড. মাহি উদ্দিন, আফজল আহমেদ, মোজাফফর হোসাইন।
অভিযুক্তদের মধ্যে খালেদ মাহমুদ সাবেক মন্ত্রী হাছান মাহমুদের ছোট ভাই। রিজিয়া রেজা চৌধুরী হলেন আবু রেজা নদভীর স্ত্রী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা অর্থনৈতিক কোন সুযোগ সুবিধা ভোগ করতে পারেন না। কিন্তু অভিযুক্তরা পারস্পরিক জোকসাজসে ১২ কোটি ৭৯ লাখ ৪১ হাজার ৫৫৬ টাকা আত্মসাৎ করেছেন।




