দুই দাবিতে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান নিয়েছেন ‘জুলাই শহীদ পরিবার ও আহত’ ব্যক্তিরা। আজ শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনে প্রবেশের ফটক টপকে ভেতরে প্রবেশ করেন। পরে তারা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঞ্চের সামনে চলে যান।
দুপুর ১২টার দিকে দেখা যায়, অনুষ্ঠানের মঞ্চের সামনে অতিথিদের জন্য সাজিয়ে রাখা চেয়ারে অবস্থান নিয়ে বসে আছেন ‘জুলাই শহীদের পরিবার ও আহত’ ব্যক্তিরা। অনুষ্ঠানমঞ্চ ও অতিথিদের জন্য রাখা এই চেয়ারের মাঝামাঝি স্থানে অবস্থান নিয়েছে পুলিশ।
আজ বিকেল চারটায় এখানে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে। জমকালো অনুষ্ঠানে সংলাপে অংশ নেওয়া দলগুলোর প্রতিনিধিদের জুলাই সনদে সই করার কথা। এ জন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রস্তুত করা হয়েছে মঞ্চ।
কয়েকটি দাবিতে বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ শুরু করেন ‘জুলাই শহীদ পরিবার ও আহত’ ব্যক্তিরা।
‘জুলাই শহীদ পরিবার ও আহত’ ব্যক্তিদের মূল দাবি দুটি। এগুলো হলো- শহীদ পরিবার-জুলাই যোদ্ধাদের মৌলিক অধিকার সংরক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি আইন করে তার বাস্তবায়ন। এসব বিষয় জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে।
স্থানীয়রা জানায়, বিক্ষোভকারীরা আজ শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনে প্রবেশের ফটক টপকে ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তারা দক্ষিণ প্লাজায় মঞ্চের সামনে চলে যান। তাদের বাধা দেওয়া চেষ্টা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে বিক্ষোভকারীরা অতিথিদের চেয়ারে বসে পড়েন। দুপুর ১২টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন।
এদিকে ওয়ারিয়র্স অব জুলাই নামে জুলাই যোদ্ধাদের সংগঠন তিন দফা দাবি জানায়। সেগুলো হচ্ছে- জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে; আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে ও এই দাবিগুলো জুলাই জাতীয় সনদ-২০২৫ এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।
এরই মধ্যে বাস্তবায়ন আদেশ ও আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নোট অব ডিসেন্টসহ সনদে সই করবে না বলে জানিয়েছে চার বাম দল। জামায়াতে ইসলামী বলেছে, তারা অনুষ্ঠানে যাবে, কিন্তু সনদে সই করবে কি না, সেই সিদ্ধান্ত নেয়নি। বাস্তবায়নের সুপারিশ দেখেই সনদে স্বাক্ষর করবে তারা। আর বিএনপি জুড়ে দিয়েছে অঙ্গীকারনামায় নোট অব ডিসেন্ট যুক্ত করার শর্ত। এমন এক জটিল পরিস্থিতির মধ্যে আজ সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করছে জাতীয় ঐকমত্য কমিশন।
গত ২০ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই ধাপের সংলাপের ভিত্তিতে ৮৪টি প্রস্তাবে আপত্তিসহ ঐকমত্যে পৌঁছায় জাতীয় ঐকমত্য কমিশন, যার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ তৈরি করে তারা। সনদের চূড়ান্ত অনুলিপি গত মঙ্গলবার রাতে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়। ৮৪ প্রস্তাবের মধ্যে ৪৩টি সংবিধান সংশোধন সাপেক্ষে বাস্তবায়ন করতে হবে। বাকি ৪১টি অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।
ঐকমত্য হওয়া ৮৪টি বিষয় ও বাস্তবায়নের সাত দফা অঙ্গীকারনামার ভিত্তিতে আজ জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার কথা সংলাপে অংশ নেওয়া দলগুলোর। দ্বিতীয় ধাপের সংলাপে অংশ নেওয়া ৩০টি রাজনৈতিক দল ও জোটের দুজন করে প্রতিনিধিকে সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে কমিশন আমন্ত্রণ জানিয়েছে; যার মধ্যে বিএনপি, গণতন্ত্র মঞ্চসহ বিএনপির সমমনাসহ ২০টি রাজনৈতিক দল ও জোট স্বাক্ষরের বিষয়ে ইতিবাচক। জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম বাস্তবায়নপ্রক্রিয়া দেখেই সনদে স্বাক্ষর করতে চায় বলে জানা গেছে। বাস্তবায়ন আদেশের বিষয়বস্তু না থাকায় সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের নিয়ে গঠিত রাজনৈতিক দল এনসিপি। আপত্তিসহ সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে সিপিবি, বাসদ, বাংলাদেশ জাসদ ও বাসদ (মার্ক্সবাদী)।




