রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়কে বিক্ষোভ

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়কে বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) দুইটি কারখানার কয়েক শ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর প্রায় ১২টা পর্যন্ত শ্রমিকরা চট্টগ্রামের ফ্রি-পোর্ট এলাকার বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন। বর্তমানে তারা সড়কের পাশে অবস্থান করছেন।  ইপিজেডের নাসা গ্রুপের দুটি কারখানায় প্রায় ২২০০ শ্রমিক কর্মরত ছিলেন। অক্টোবর মাস থেকে কারখানা দুটি বন্ধের ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। এতে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে নামেন।

শ্রমিকরা জানান, নাসা গ্রুপের মালিকানাধীন দুটি কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করে। আমাদের কয়েক মাসের বেতন এখনও বকেয়া। সেই বেতন পরিশোধের সিদ্ধান্ত না নিয়ে উল্টো কারখানা বন্ধের ঘোষণা দেয়। এতগুলো শ্রমিক আমরা কোথায় যাবো। বকেয়া বেতন পেলে কিছুটা স্বস্তি হতো৷ কিন্তু সেটিও দিচ্ছে না।

চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, নাসা গ্রুপের দুটি কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। এখন শ্রমিকরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। আমরা তাদেরকে বিমানবন্দর সড়ক থেকে বুঝিয়ে সরিয়ে দিয়েছি। মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

আরও পড়ুন

সর্বশেষ