নগরের পতেঙ্গা গুপ্তখালে পদ্মা অয়েল পিএলসির প্রধান স্থাপনা থেকে ৫ দশমিক ৭৭ কিলোমিটার পাইপলাইনে প্লেনের জ্বালানি পরিবহন শুরু হয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে পতেঙ্গায় ‘প্রধান স্থাপনা (এমআই) হতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত জেট এ-১ পাইপলাইন, চট্টগ্রাম’ প্রকল্পের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক (অপা. ও পরি.) ড. একেএম আজাদুর রহমান এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর।
বক্তব্য দেন পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান ও প্রকল্প পরিচালক প্রকৌশলী অমিত কুমার বড়ুয়া।
সূত্র জানায়, গুপ্ত খালে পদ্মার প্রধান স্থাপনা থেকে ট্যাংকলরি যোগে ৮ কিলোমিটার দূরে শাহ আমানতে অ্যাভিয়েশন ডিপোতে জেট এ-১ সরবরাহ করা হতো। এ বিমানবন্দরের চাহিদা দৈনিক ২ লাখ ২৫ হাজার লিটার, বছরে ৬৫ হাজার টন। ট্যাংকলরিতে এ জ্বালানি পরিবহনে খরচ হতো বছরে ৮ কোটি টাকা। ১৬০ কোটি টাকা ব্যয়ে নতুন প্রকল্প বাস্তবায়নের ফলে ৮ ইঞ্চি ব্যাসের অভ্যন্তরীণ ইপক্সি কোট ও বাহ্যিক থ্রি এলপিই কোট সম্বলিত ন্যূনতম দেড় মিটার আন্ডারগ্রাউন্ড পাইপলাইনে ঘণ্টায় ১৪০ ঘনমিটার জ্বালানি পরিবহনে হচ্ছে। ৩০ বছর মেয়াদি এ প্রকল্প স্ক্যাডা পরিচালিত কনট্রোল ও অটোমেশন সিস্টেমে নিয়ন্ত্রিত হচ্ছে।




