শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েডাকসুর দায়িত্ব নিলেন নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

ডাকসুর দায়িত্ব নিলেন নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫ সালের নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা রবিবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কার্যক্রম শুরু হলো।

উপাচার্যের অফিস সংলগ্ন কক্ষে সকালে এই সভার আয়োজন করা হয়। গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শীর্ষ তিন পদসহ মোট ২৮টির মধ্যে ২৩টি পদ জয় করেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দীন খানসহ নির্বাচিত অন্যান্য সদস্যরা। কর্তৃপক্ষ জানিয়েছে, এই সভার মধ্য দিয়ে ডাকসুর নতুন কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ছাত্র প্রতিনিধির জন্য পাঁচজনের নাম পাঠানো হয়েছে। তারা হলেন—ভিপি সাদিক কায়েম, জিএস এসএম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খান, সর্বোচ্চ ভোট পাওয়া সদস্য সাবিকুন্নাহার তামান্না এবং পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।

ভিপি সাদিক কায়েম বলেন, এটি আমাদের আনুষ্ঠানিক কার্যক্রমের শুরু। শিক্ষার্থীরা আমাদের প্রশ্ন করবেন এবং আমরা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করব। এই নির্বাচনে কেউ হারেনি; আমরা সবাই মিলেই কাজ করব। শিগগিরই কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে। আমাদের সব প্রতিশ্রুতি পূরণ করতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ