পাবনার রূপপুর গ্রীণসিটি প্রকল্পের কাজে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় গণপূর্ত অধিদপ্তরের দুই উপ-সহকারী প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর প্রদান ও একজনকে নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ প্রজ্ঞাপন জারী করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
মোঃ ফজলে হক, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল), (সাময়িক বরখাস্তকৃত) পাবনা গণপূর্ত উপবিভাগ; মোসা: শাহনাজ আখতার, উপ-সহকারী প্রকৌশলী (ই/এম, পিএন্ডডি), রাজশাহী গণপূর্ত জোন এবং খোরশেদা ইয়াছরিবা, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল), রাজশাহী গণপূর্ত সার্কেলে কর্মরত থাকা অবস্থায় রূপপুর গ্রীণসিটি প্রকল্পের (২০১৯ সালে নির্মাণাধীন) ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি সে সময়ে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়। উক্ত বিষয়ে ১৯/০৫/২০১৯ তারিখে গণপূর্ত অধিদপ্তর এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে গঠিত পৃথক তদন্ত কমিটি কর্তৃক দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে প্রকল্পের কাজে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি প্রমাণিত হয়েছে। পরবর্তীতে বিভাগীয় তদন্তেও “অসদাচরণ’ এর অভিযোগ সন্দেহতাতীত প্রমাণিত হয়েছে।




