শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েআবারও দুই মহাসড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ, যান চলাচল বন্ধ

আবারও দুই মহাসড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়ন কেটে ফরিদপুর ২ আসনে সংযুক্ত করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে আবারও ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় জনতা।

এ ঘটনায় টানা দ্বিতীয় দিনের মত সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকেই অবরোধ কর্মসূচিতে দুই ইউনিয়নবাসীর সঙ্গে ভাঙ্গা উপজেলার পার্শ্ববর্তী ইউনিয়নও যোগ দিয়েছে।

জানা গেছে, স্থানীয় বিল্লাল মাতুব্বর আলগী ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছেন। তিনি সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। স্থানীয়দের দাবি, ভিটেমাটি রক্ষার আন্দোলন অস্তিত্বের আন্দোলন, জীবন মরণ আন্দোলন, ভাগ্য নির্ধারণের আন্দোলন। তারা ভাঙ্গার সঙ্গেই থাকতে চান।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, উপজেলা চত্বর ঘেরাও করার হুমকি দিয়েছিল এমন খবরে আমরা উপজেলা চত্বরে পর্যাপ্ত সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করে রেখেছি। কোনোরকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ভাঙ্গা উপজেলার সকল রুটে অবরোধ শুরু করেছে স্থানীয়রা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, একটি স্বার্থান্বেষী মহল আন্দোলনকারীদের নামে উপজেলা ঘেরাও করার ঘোষণা দিয়েছিল। আমরা উপজেলা চত্বরে নিরাপত্তা বিষ্টনীতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। গেজেট বাতিলের বিষয়ে এখনও পর্যন্ত কোন নির্দেশনা পাইনি। আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে রেখেছেন।

প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনটি ছিল ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত। ফরিদপুর-২ আসন ছিল নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে দেশের ৪৬টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে। ওই গেজেট অনুযায়ী ফরিদপুর জেলার দুটি আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। এর ফলে, ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে নগরকান্দা ও সালথা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ