দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সারাদিনের ভোটগ্রহণে কোনো ধরনের সংঘাত বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এখন ফলাফলের অপেক্ষা। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ডাকসু নির্বাচন উৎসব ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ করলেও ভোটের বড় কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি।
উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রপ্রধান এস এম শামীম রেজা বেলা তিনটার দিকে বলেন, কবি জসিম উদদীন হলের ১ হাজার ৬৪ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ১ হাজার ২১২ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১ হাজার ৩৫০ জন ও মাস্টারদা সূর্যসেন হলের ১ হাজার ২৭৪ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। সবচেয়ে বেশি ভোট পড়েছে জসিমউদ্দীন হলে।




