হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এক যাত্রীর কাছ থেকে ৮ কেজির বেশি কোকেন উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। এ ঘটনায় এম এস পেটুলা স্টাফেল নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে। তিনি গায়ানার নাগরিক। তবে তার বিস্তারিত পরিচয় জানানো হয়নি।
মঙ্গলবার কাস্টমস গোয়েন্দা ও তদন্তের (শাহজালাল বিমানবন্দর) উপ-পরিচালক সেলিনা আক্তার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার দিবাগত রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুল্ক গোয়েন্দা কর্মকতারা জানান, ইনভেন্ট্রিকালে এবং প্রাথমিক পরীক্ষাকালে বিমানবন্দর থানার ২ জন এসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্য উপস্থিত ছিলেন। প্রাপ্ত কোকেনের ওজন ৮ দশমিক ৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। পণ্যসহ যাত্রীকে আটক করা হয়েছে।
উপ-পরিচালক সেলিনা আক্তার আরও বলেন, এ বিষয়ে চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও কাস্টমস এ্যাক্ট-এর আওতায় বিভাগীয় মামলা দায়েরের কার্যক্রমের প্রস্ততি চলছে।




