বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তাঁর বাসভবনে গেছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যা ৭টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে সাক্ষাৎ করেন। তারা এই সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
বৈঠকে ইসহাক দার খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। এসময় তিনি বেগম জিয়াকে দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। বেগম খালেদা জিয়া এ সময় পাকিস্তানের বন্যার খোঁজখবর নিয়েছেন।
বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে চলমান রাজনৈতিক বিষয় নিয়ে কোনো আলাপ হয়নি। বৈঠকে সার্কের বিষয়েও আলোচনা হয়েছে।
এ সময় নির্বাচনের দিকে যাচ্ছে বাংলাদেশ, তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বিএনপি সেটি পাক পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডাঃ জাহিদ। বাংলাদেশ সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে সেটির প্রশংসাও করেছেন ইসহাক দার বলে জানান তিনি।




