অন্তর্বর্তীকালীন সরকার নিঃসন্দেহে একটি নিরপেক্ষ সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (২৪ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে রিকশা ও ভ্যানচালকদের মধ্যে রেইনকোট বিতরণ করে জিয়া পরিষদ।
অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, সরকার আন্তরিকভাবে চেষ্টা করলেও এখনো মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফেরেনি। মুদ্রাস্ফীতি কমলেও নিত্যপণ্যের দাম কমছে না, কর্মসংস্থান বাড়ছে না। একের পর এক শিল্প-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কর্মসংস্থান না থাকলে দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়।
রিজভী দাবি করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এরপর জনগণের স্বার্থে প্রয়োজন হলে সংবিধান সংশোধন করবে নতুন সংসদ। কিন্তু আগে থেকেই গণভোটের কথা বলে বা একপক্ষীয় অবস্থান নিয়ে তালগাছ আমার বলে চিৎকার করার কোনো অর্থ নেই বলে উল্লেখ করেন তিনি।




