জুলাই আন্দোলনে শহীদদের খুনিদের জামিনের প্রতিবাদ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টা খোদাবক্স চৌধুরীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়েছে। রোববার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছেন শহীদ ও আহত পরিবারের সদস্যরা। তবে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
এদিন শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচিতে শহীদ ও আহতদের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার-ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন স্বজনরা। রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে শহীদ ইমাম হাসান তায়িমের বড় ভাই রবিউল হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখছেন ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা শহীদ ও আহতদের স্বজনরা।
এ সময় আন্দোলনকারীদের “দফা এক, দাবি এক, আইন উপদেষ্টার পদত্যাগ”, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
তারা অভিযোগ করেন, চিহ্নিত খুনিদের জামিন হলেও আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনও ব্যবস্থা নেয়া হয়নি। প্রতিবাদ করতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টার নির্দেশে পুলিশ আমাদের ওপর হামলা করেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন বলে জানান তারা।
বক্তারা অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে টালবাহানা চলছে। হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করা হয়নি, বরং মামলার আসামিদের জামিন দেওয়া হচ্ছে। সম্প্রতি শহীদ পরিবারের সদস্যদের ওপর পুলিশ হামলা চালালেও এ ঘটনায় কোনো পদক্ষেপ নেয়নি সরকার।
শহীদ ইমাম হোসেন তাইয়েবের ভাই রবিউল আওয়াল বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে। আহত শাহীন আহমেদ খান অভিযোগ করেন, উপদেষ্টারা শহীদ পরিবারের ব্যথা ভুলে গেছেন। খুনের দায়ে অভিযুক্ত এক এসআইকে জামিন দেওয়া হয়েছে। আহত শেখ মুস্তাফিজ বলেন, ১৯ আগস্ট সচিবালয়ের সামনে আমাদের ওপর পুলিশ হামলা চালিয়েছে, অথচ এ ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।




