আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জামিনে মুক্তির পর চিকিৎসাধীন অবস্থায় আছেন। মুমূর্ষু অবস্থায় কারাবন্দী থাকার সময় তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করতে হয়েছিল। তাঁর এমন অসুস্থতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার এই নেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে তাঁর পরিবার জানিয়েছে, তিনি ধীরে ধীরে পরিবারে সদস্যের সহচার্যে সুস্থ হচ্ছেন।
বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা থেকে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুর গুজব আবার ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে তাঁর স্ত্রী আয়েশা সুলতানা জানান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এখনও শঙ্কামুক্ত নন। তবে তিনি আগের চেয়ে সুস্থ আছেন। তিনি দেশবাসীর কাছে তাঁর স্বামীর জন্য দোয়া চেয়েছেন।
এদিকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তার ছেলে সাবেক সাংসদ মাহবুবুর রহমান রুহেল ফেসবুকে এক পোষ্ট দিয়ে বলেল তার বাবা এখনো চিকিৎসাধীন রয়েছে। তিনি তার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। তার ফেস বুকে লিখেন : “আমার বাবা, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মহান আল্লাহর রহমতে বেসরকারি হাসপাতালের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাঁর জন্য প্রার্থনা এবং শুভকামনার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই।”
১৪ আগস্ট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জামিনে মুক্ত হন। এর আগে গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ৫ আগস্ট রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে প্রথমে কারা হাসপাতাল এবং পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। তার বিরুদ্ধে অন্তত ১২টি মামলা রয়েছে। পর্যায়ক্রমে তিনি সব মামলা থেকে জামিন পান। সর্বশেষ পল্টন থানার মামলায় জামিন পাওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়।



