রাজধানীর মৌচাকের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে একটি প্রাইভেট কারের ভেতর থেকে দুইজনের মরদেহ পাওয়া গেছে। আজ (সোমবার, ১১ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে মেডিকেল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী পার্কিংয়ে গাড়িটি চেক করার সময় তাদের মরদেহ দেখতে পান। পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিষয়টি রমনা থানা পুলিশের কাছে জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মরদেহ ড্রাইভারের পাশের সিট এবং আরেকটি গাড়ির পেছনের সিটে পড়েছিল। মরদেহ দুটির মুখ ও মাথা থেতলানো, শরীরের বাকি অংশ অক্ষত। ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে দুইজনকে গুরুতর জখম করে হত্যা করা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে সাদা রঙের ওই প্রাইভেট কারটি পার্কিংয়ে প্রবেশ করে এবং পরবর্তীতে গাড়িটি পার্কিংয়ে রাখা ছিল। সোমবার বেলা পৌনে ১২টার দিকে নিরাপত্তারক্ষী গাড়িটিকে চেক করার জন্য গেলে ভেতরে দুজনকে দেখতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন তারা ঘুমিয়ে আছেন, কিন্তু ডাকাডাকি করার পরও সাড়া না পাওয়ায় বুঝতে পারেন তারা মারা গেছেন। এরপর রমনা থানায় খবর দেয়া হয়।
এ ঘটনায় রমনা থানা পুলিশ ও সিআইডির ক্রাইম ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করছে। তবে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি। রমনা জোনের ডিসি মাসুদ আলম জানান, দুটি মরদেহের মধ্যে একটির পরিচয় শনাক্ত করা হয়েছে। অন্যটির পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
রমনার ডিসি মাসুদ আলম বলেন, বেজমেন্টে পার্কিংয়ের একটি প্রাইভেটকারে মরদেহ পাওয়া যায়। ড্রাইভারের সিটে একজন এবং পাশের সিটে আরেকজন। মালিকের সঙ্গে যোগাযোগ হয়েছে। সিসিটিভি পর্যালোচনা করা হয়েছে।
তিনি আরও বলেন, হাসপাতালটিতে নিহতদের স্বজন ভর্তি আছেন। বেজমেন্টে সাফোকেশন থাকে, প্রচণ্ড গরম। গরমের কারণে মরদেহ পচে গেছে।




