মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী সোমবার (১১ আগস্ট) দেশটিতে সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দ্বিপাক্ষিক এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নানা সংকট ও সমাধান এ সফরের আলোচনায় গুরুত্ব পাবে। দুই দেশের সরকার প্রধানের ব্যক্তিগত সম্পর্ক দেশের স্বার্থে কাজে লাগানোর প্রত্যাশা রয়েছে।
সফরের অংশ হিসেবে ড. ইউনূস একটি ব্যবসায়িক সেমিনার, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং মালয়েশিয়ার মন্ত্রী, নাগরিক সমাজ ও ব্যবসায়ীদের সঙ্গে নৈশভোজে যোগ দেবেন। এছাড়া দেশটির ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে; যা বিশেষ সমাবর্তনের মাধ্যমে হস্তান্তর করা হবে।
অন্যদিকে, যেসব বিষয়ে নোট বিনিময়ের কথা রয়েছে সেগুলো হলো- হালাল খাদ্য ব্যবস্থাপনা, ফরেন সার্ভিস একাডেমি ও ইনস্টিটিউট অব ডিপ্লোমেসি অ্যান্ড ফরেন রিলেশানস (আইডিএফআর)-এর মধ্যে সহযোগিতা এবং উচ্চশিক্ষা খাত।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। ক্ষমতা গ্রহণের দুই মাস পর, গত বছরের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করেন। যা অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম কোনো বিদেশি সরকার প্রধানের সফর ছিল।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ অন্যান্য কর্মকর্তারা। আগামী ১৩ আগস্ট ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।




