ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেটকে জানাতে বঙ্গভবনে যাচ্ছেন সিইসিসহ নির্বাচন কমিশনাররা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় তারা বঙ্গভবনে যাবেন বলে বুধবার সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ।
এদিন বিকেলে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি ও পরিস্থিতি সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতিকে জানানোর জন্য সৌজন্য সাক্ষাতের সময় চেয়ে মঙ্গলবার বঙ্গভবনে চিঠি দেওয়া হয়। বুধবার বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সময় নির্ধারণ করা হয়েছে মর্মে বঙ্গভবন থেকে জানানো হয়েছে।
এর আগে গত ১৯ অক্টোবর বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদের নেতৃত্বে ইসি প্রতিনিধি দল বঙ্গভবনে যান এবং রাষ্ট্রপতির সাথে বৈঠক করেন। বৈঠকে সিইসি রাজনৈতিক সংকট উত্তরণ করে সব দলের অংশ গ্রহণে নির্বাচনের ব্যবস্থা করাতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেন।
এসময় তাঁর সাথে ছিলেন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ, মো. শাহ নেওয়াজ ও ইসি সচিব ড. মোহাম্মদ সাদিক।




