ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির সামনে কড়াকড়ি নিয়ে আলোচনার প্রেক্ষাপটে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তিনি গৃহবন্দি নন, মুক্ত। বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “খালেদা জিয়া হাউজ অ্যারেস্ট নন। কাউকে হাউজ অ্যারেস্ট করতে হলে প্রজ্ঞাপনের প্রয়োজন আছে। যেহেতু প্রজ্ঞাপন জারি হয়নি সেহেতু তিনি মুক্ত।”
আগামী ৫ জানুয়ারির ভোট রুখতে গত রোববার ঢাকামুখী অভিযাত্রা ও নয়া পল্টনে সমাবেশ ডাকেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
এই কর্মসূচি ঘিরে শুক্রবার পুলিশের কড়াকড়িতে রাজধানীর সঙ্গে সারা দেশের সড়ক, নৌ ও রেল যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়। খালেদা জিয়ার গুলশানের বাসার সামনেও নেয়া হয় কঠোর নিরাপত্তা। রোববার তিনি বেরোতে চাইলে পুলিশ পথ আটকায়। এরপর দেশ-বিদেশের গণমাধ্যমে খালেদা জিয়াকে ‘গৃহবন্দি’ করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়।




