অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা বিল্লাল হোসেনের ঠিকাদারি লাইসেন্স বাতিল করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।
আদেশে বলা হয়েছে, মেসার্স ইসরাত এন্টারপ্রাইজ, প্রো. মো. বিল্লাল হোসেন, গ্রাম আকবপুর, ডাকঘর গাজীপুর, উপজেলা মুরাদনগর, জেলা কুমিল্লা। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীনে সীমিত দরপত্র পদ্ধতিতে তালিকাভুক্ত ঠিকাদার। এই ঠিকাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার লাইসেন্সের কার্যকারিতা বাতিল করা হলো। লাইসেন্সের মূল কপি এলজিইডির কাছে সংরক্ষিত রয়েছে।
সূত্রে জানা গেছে, গত বুধবার (২৩ এপ্রিল) উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার নামে করা ঠিকাদারি লাইসেন্সের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্টও করেন। বাবার ঠিকাদারি লাইসেন্সের বিষয়টি জানার বাতিলের জন্য পদক্ষেপ নেন আসিফ মাহমুদ।




