ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করেছে নির্বাচন কমিশনের (ইসি) অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, একটি চিঠির মাধ্যমে এ তালিকাভুক্ত ১০ জনের এনআইডি লক করা হয়।
ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মহোদয়ের মৌখিক নির্দেশে ১০ জনের এনআইডি লক (Lock) করা হলো।
যাদের এনআইডি লক করা হয়েছে, তারা হলেন- শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক।
ইসির এনআইডি শাখার সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, এনআইডি লক হলে কার্ডটি আর ব্যবহার করা যায় না। এ ছাড়া মিথ্য তথ্য দিয়ে ভোটার হলে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত এনআইডি লক করা হয়। অধিকাংশ সময় ভিপিআইপি অনেকের অনুরোধেও এনআইডি লক করা হয়, যাতে কেউ অপব্যবহার করতে না পারে। তাদের অনুরোধে আবার আনলক করা হয়।




