বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রচ্ছদটপশেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে প্রমাণ মিলেছে গণহত্যার, যেকোনও সময় প্রতিবেদন দাখিল...

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে প্রমাণ মিলেছে গণহত্যার, যেকোনও সময় প্রতিবেদন দাখিল : প্রসিকিউশন

জুলাই-আগস্টে বৈষম‍্যবিরোধী ছাত্রআন্দোলনকে ঘিরে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন যেকোনও সময় দাখিল করবে প্রসিকিউশন।

মামলার শুনানি শেষে রবিবার (২০ এপ্রিল) দুপুরের দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ‍্য জানান।

তাজুল ইসলাম বলেন, ‘আজকে ট্রাইব্যুনালে তিনটি মামলার শুনানি হয়েছে। প্রথম মামলাটি ছিল মানবতাবিরোধী অপরাধের। এ মামলায় ওবায়দুল কাদেরসহ ৪৫ জন আসামি রয়েছেন, যারা এই অপরাধের নির্দেশদাতা ছিলেন। এই মামলার ১৭ জন আসামি উপস্থিত ছিলেন। আমরা আজ আদালতে এই মামলার তদন্তের অগ্রগতি নিয়ে একটি রিপোর্ট দিয়েছি এবং দুই মাসের সময় চেয়েছি। আদালত আমাদের দুই মাসের সময় দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হাতে এসেছে।

তিনি আরও বলেন, আজ শেখ হাসিনার বিরুদ্ধে দুটি মামলার শুনানি হয়েছে। জুলাই-আগস্টে গণহত্যার সম্পৃক্ততার বিষয়ে যে মামলাটি রয়েছে, সেটির বিষয়ে আমরা আদালতকে জানিয়েছি যে, আমাদের তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনও মুহূর্তে এই তদন্ত প্রতিবেদন দাখিল হবে। তারপরও আমরা সত্যতার জন্য দুই মাসের সময় চেয়ে আদালতের কাছে আবেদন করেছিলাম। আবেদন আদালত মঞ্জুর করেছেন। তৃতীয় যে মামলাটির শুনানি হয়, সেটি হলো- গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ক্রসফায়ার নিয়ে। এই মামলাটি ১১ জনের বিরুদ্ধে শুরু হয়েছিল। মামলায় মাত্র একজন গ্রেফতার আছেন, তিনি হলেন সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান। শত শত গুমের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে কয়েকটি অভিযোগের তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তারপরও আমরা আদালতের কাছে তিন মাস সময় চেয়েছিলাম, আদালত সেটি মঞ্জুর করেছেন। এ সময়ের মধ্যে গুমের অভিযোগগুলোর বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও তিনি জানান।

চিফ প্রসিকিউটর জানান, তদন্ত প্রায় শেষ পর্যায়ে। অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা, পরিকল্পিত সহিংসতা এবং মানবতাবিরোধী অপরাধের নির্ভরযোগ্য সাক্ষ্য ও উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তিনি দাবি করেন, “তথ্য-প্রমাণে এটা পরিষ্কার, অভিযুক্তরা রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছেন।”

আরও পড়ুন

সর্বশেষ