বিনিয়োগ মন্দায় বেসরকারিখাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে ২০ বছরের মধ্যে সর্বনিম্নে। বিদেশিদের আগ্রহী করতে ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে চারদিনের বিনিয়োগ সম্মেলন। জুনে সুদের হার কমানোর উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ঠিক এমন সময় বাড়লো গ্যাসের দাম, যা বিনিয়োগকারীদের দিচ্ছে ভুল বার্তা। এমন মন্তব্য করে ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগ বাড়বে না। তবে যথাযথ পরিবেশ নিশ্চিতে জোর অর্থনীতিবিদদের।
বিনিয়োগ পরিস্থিতি যে ভালো নয়, তা ফেব্রুয়ারি মাসে বেসরকারিখাতে ঋণ প্রবৃদ্ধি ২০ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে যাওয়াতেই বুঝা যাচ্ছে। ওদিকে, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে মূলধনি যন্ত্রপাতি আমদানি বছর ব্যবধানে কমেছে ২৫ শতাংশের বেশি।
শিল্পোদ্যোক্তারা বলছেন, সামনেই দেশে নির্বাচন রয়েছে। তাই এই মুহূর্তে কোনো পরিসংখ্যান নিয়ে শতভাগ পূর্বাভাস দেয়া সম্ভব না। তবে নির্বাচনের পরে পরিবেশ স্বাভাবিক হলে দেশে বিনিয়োগ বাড়বে।
বিনিয়োগের এই সম্ভাবনাকে কাজে লাগাতে এবারে সুদের হার কমানোর দিকে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে থাকা ১০ ভাগ নীতি সুদহার কমানো হবে, তবে সেটা মূল্যস্ফীতিকে বাগে আনার পর।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, খাদ্য মূল্যস্ফীতি ৪ শতাংশের বেশি কমেছে। সেবা ও অন্যান্য খাতে সেটি কমেছে ২ শতাংশের মতো। আগামী জুন নাগাদ মূল্যস্ফীতি সন্তোষজনক পর্যায়ে চলে আসবে। এটি সন্তোষজনক পর্যায়ে আসলে পলিসি রেট কমানোর বিষয়ে চিন্তাভাবনা করা হবে।
সরকারের দিক থেকে এমন সব উদ্যোগের বিপরীতে হঠাৎই নতুন শিল্পের জন্য বেড়ে গেল গ্যাসের দাম। এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের ভুল বার্তা দিচ্ছে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। জিডিপির অনুপাতে বাংলাদেশে বেসরকারিখাতের বিনিয়োগ গত কয়েক বছর ধরেই ২৩-২৪ শতাংশের ঘরে ঘোরাফেরা করছে।
নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এতো বড় সফল একটি বিনিয়োগ সম্মেলন হওয়ার পর গ্যাসের দাম বৃদ্ধি বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা দেবে।
এসব ভুল বার্তা সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য সুখকর নয় উল্লেখ করে, বিনিয়োগের পরিবেশ নিশ্চিতের ওপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক মোস্তফা কে মুজেরি বলেন, বিনিয়োগকারীরা আকৃষ্ট হবেন এমন পরিবেশ এখনও তৈরি করা সম্ভব হয়নি। অর্থ-সামাজিক পরিবেশ বিনিয়োগবান্ধব করতে না পারলে সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়।




