জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজ ঢাকায় জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সভাকক্ষে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (ANFREL) প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও বৈঠকে কমিশনের সদস্য হিসেবে ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
আনফ্রেল এর নির্বাহী পরিচালক ব্রিৎজা রোসেলস্ এর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদলে প্রতিষ্ঠানটির বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচি বিষয়ক কনসালটেন্ট মে বতুই ছাড়াও বৈঠকটিতে আরো অংশ নেন থারিন্ডু অভয়রত্ন, আয়ান রহমান খান এবং আফসানা এমি।
এ সময় ঐকমত্য কমিশনের কার্য অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়৷ কমিশনের পক্ষে অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংস্কার সংক্রান্ত ৫টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট মতামত জানতে ইতোমধ্যে সুপারিশমালা স্প্রেডশিট আকারে তাদের কাছে প্রেরণ করা হয়েছে। এ পর্যন্ত ৩৪ টি রাজনৈতিক দলের কাছ থেকে আমরা মতামত পেয়েছি এবং তার ভিত্তিতে ১১টি দলের সাথে প্রাথমিকভাবে আলোচনা করেছে কমিশন। আগামী দিনগুলোতেও এ আলোচনা অব্যাহত থাকবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে স্বল্পতম সময়ে একটা জাতীয় সনদ তৈরি করা যাবে৷ যা বাংলাদেশে দীর্ঘমেয়াদে সুষ্ঠু নির্বাচনে ইতিবাচক ভূমিকা পালন করবে৷ জাতীয় ঐকমত্য কমিশন হতে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।




