গ্রামীণ ইউনিভার্সিটি নামে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকার তুরাগের দিয়াবাড়ী দক্ষিণ এলাকায় হবে এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান মো. আশরাফুল হাসান এ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ট্রাস্টি বোর্ডের আবেদনের প্রেক্ষিতে তিন-চার মাস আগে গ্রামীণ ইউনিভার্সিটির ক্যাম্পাস পরির্দশন করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছিল।
ইউজিসির ওয়েবসাইটে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা অনুযায়ী, এতদিন দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল ১১৫টি। তার সঙ্গে যুক্ত হল আরো একটি। এর মধ্যে ১০৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। নয়টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ। আটটি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে গত নভেম্বর মাসে সতর্কতা দিয়েছে ইউজিসি।
নতুন বিশ্ববিদ্যালয় পরিচালনার অনুমোদন দিয়ে পাঠানো চিঠিতে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, সাময়িক অনুমোদনের মেয়াদ হবে সাত বছর, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়কে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর সব বিধান ও শর্ত মেনে চলতে হবে।




