প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন ২০২৫ এর উদ্বোধন করেছেন। আজ রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই সম্মেলনের উদ্বোধন করেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন। একইসাথে তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ।
এটি অন্তর্বর্তী সরকারের সময় প্রথম ডিসি সম্মেলন। সম্মেলনে উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, ৬৪ জেলা প্রশাসক (ডিসি)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত আছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং দুর্নীতি প্রতিরোধ, জনবান্ধব প্রশাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভূমিসেবাসহ হয়রানিমুক্ত সেবাখাত প্রতিষ্ঠাসহ ৩৫৪টি অ্যাজেন্ডা নিয়ে আলোচনা হবে তিনদিনের এ সম্মেলনের ৩৪টি কার্য-অধিবেশনে। কার্য-অধিবেশনগুলো সচিবালয়ের পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনে হবে। এছাড়া জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্পিরিটকে প্রাধান্য দিয়ে তৃণমূল পর্যায়ে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে নির্দেশনা থাকবে।




