চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার একটি ভবনে সংঘটিত ডাকাতির ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ডাকাতদের হামলায় গৃহকর্তা লোকমান হাকিম আহত হয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের কাছে এই ঘটনা ঘটে।
লোকমান হাকিম শীর্ষস্থানীয় ব্যবসায়ী আবুল খায়েরের মেয়ের জামাতা এবং ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। গ্রেফতারকৃতরা হলেন- বায়েজিদ ও আকাশ। তারা উভয়ই পূর্বে ওই বাসায় কাজ করতেন।
স্থানীয় সূত্র জানায়, ডাকাতদের মধ্যে একজন আগে ওই ভবনে গৃহকর্মীর কাজ করতেন। সকাল ১১টার দিকে পূর্বপরিকল্পিতভাবে তারা ভবনে প্রবেশ করে। চিৎকার শুনে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। ১২টার পর ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দুপুর সোয়া ২টার দিকে যৌথ অভিযান চালিয়ে ভবনে আটকে থাকা গৃহকর্তাকে উদ্ধার এবং দুইজনকে গ্রেফতার করে।
চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে ডাকাতির উদ্দেশ্যে তারা বাসায় প্রবেশ করেছিল। অভিযানে একজন ডাকাতকে আটক এবং গৃহকর্তাকে মুক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
তিনি আরও বলেন, ডাকাতরা বাড়ির মালিককে বাথরুমে বন্দি করেছিল। তাকে উদ্ধারে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। আহত গৃহকর্তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।




