দাবির মুখে সরকার আর কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
শিক্ষা উপদেষ্টা বলেন, তিতুমীর কলেজকে কোনো বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই। এই মুহূর্তে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত বলে আমি মনে করি। কারণ এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো কলেজ। রোববার (২ ফেব্রুয়ারি) একনেক মিটিং শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
শিক্ষা উপদেষ্টা বলেন, তিতুমীর কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায়। তারা জনদুর্ভোগ চায় না। এ সময় জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে শিক্ষার্থীদের অনুরোধও করেন তিনি।
তিনি আরও বলেন, সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় একে অপরকে চায় না। তাই ৭ কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য একটি কমিটি কাজ করছে। তবে দাবি বাস্তবায়নে সময় বেঁধে দেয়া কাঙ্খিত নয়। দাবির মুখে আমরা এমন কোনো অযৌক্তিক কিছু আর মেনে নেবো না যার সুদূরপ্রসারী ফলাফল আছে।
তিনি আরও বলেন, সাত কলেজকে একটি বিশ্ববিদ্যালয়ের আদলে তৈরির জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজ করছেন। দেশের মোট বিশ্ববিদ্যালয়ের মধ্যে অর্ধেকই গঠিত হয়েছে সর্বশেষ সাত বছরে, যা বিশ্বে এক অনন্য রেকর্ড।




