বন্ধ ঘোষণার এক সপ্তাহের মাথায় চট্টগ্রামভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপ আবার কারখানাগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। ঋণপত্র (এলসি) খুলতে না পারায় কাঁচামালের অভাবে সপ্তাহখানেক আগে ৯টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয় এস আলম গ্রুপ। তবে কারখানা বন্ধের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নোটিশ দিয়েছে শিল্পগ্রুপটি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শিল্পগ্রুপটির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক দাপ্তরিক বিজ্ঞপ্তিতে কারখানা বন্ধের নোটিশটি প্রত্যাহার করা হয়।কারখানাগুলোতে অন্তত ১২ হাজার কর্মী কাজ করেন।
কারখানাগুলো হলো— চিনি প্রক্রিয়াজাত কারখানা এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, ইস্পাতের পাত প্রক্রিয়াজাত কারখানা এস আলম কোল্ড রোল্ড স্টিলস ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, ঢেউটিনসহ ইস্পাতপণ্য তৈরির কারখানা এস আলম স্টিল, এস আলম কোল্ড রোল্ড স্টিলস নফ, চেমন ইস্পাত ও গ্যালকো স্টিল এবং ব্যাগ তৈরির কারখানা এস আলম ব্যাগ লিমিটেড। এর মধ্যে ঢাকাভিত্তিক গ্যালকো স্টিল ছাড়া বাকি সব কারখানাই চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে মইজ্জারটেক এলাকায় অবস্থিত।
বিজ্ঞপ্তিতে এতে বলা হয়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তে ২৪ ডিসেম্বর জারি করা কারখানা বন্ধের নোটিশ প্রত্যাহার করা হলো। ১ জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে।
এর আগে গত ২৪ ডিসেম্বর এস আলম গ্রুপের আটটি কারখানা হঠাৎ করে বন্ধ ঘোষণা করা হয়। ওইদিন দুপুরে কারখানাগুলোতে বন্ধের নোটিশ টাঙানো হয়।




