রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়গাজীপুরে ট্রাকচাপায় দুই পোশাক শ্রমিক নিহত, সড়ক অবরোধ

গাজীপুরে ট্রাকচাপায় দুই পোশাক শ্রমিক নিহত, সড়ক অবরোধ

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপায় পোশাক কারখানার দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও তিন জন। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ট্রাকটি আটক করে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রেখেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে।হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহত শ্রমিকরা ওই এলাকার স্টারলিং কারখানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে স্টারলিং নামে ওই কারখানায় দুপুরের বিরতি দিলে শ্রমিকরা খাবার খেতে বের হন। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অতিক্রম করার সময় উত্তরবঙ্গগামী মালবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও ৩ জন। আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে কারখানার অন্যান্য শ্রমিক ও স্থানীয়রা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় শ্রমিকরা ট্রাকে আগুন এবং সড়ক অবরোধ করেছে।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. জুবায়ের বলেন, সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। দুপুর ২টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুন

সর্বশেষ