চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলা-ভাঙচুরের খবর পাওয়া গেছে। এরপর আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির চার নেতার বাসায়ও হামলা হয়েছে। বাসার নিচে থাকা গাড়ি ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনাও ঘটেছে।
শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী রাহুল দাশ বলেন, হামলাকারীরা প্রথমে বাড়ির গেট ভেঙে প্রবেশ করে। এসময় বাড়ির নিচে থাকা সেডান কার ও প্রাডো গাড়ি ভাঙচুর করে তারা। প্রাডো গাড়িতে অগ্নিসংযোগ করার পর বাসার নিচতলার জানালা এবং আসবাবপত্রও ভাঙচুর করে হামলাকারীরা।
এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে।
এদিকে, একইদিন রাত পৌনে ৮টার দিকে নগরীর বহদ্দারহাট মোড় এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলা করে একদল দুর্বৃত্ত। জানা গেছে, হামলাকারীরা প্রধান ফটক ভেঙে ঘরের আঙিনায় প্রবেশ করে। সেখানে ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি। বহদ্দার বাড়িটি মেয়রের স্থায়ীনিবাস।
চান্দগাঁও থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সালমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম নগরের ওয়াসা মোড়ে চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়েও হামলা হয়। ভাঙচুরের পর সেখানে আগুন দেয় হামলাকারীরা।



