নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের ৩৩১ জন বন্দী আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারী বন্দীদের মধ্যে চারজন নারী রয়েছেন। আজ বুধবার বেলা ২টা পর্যন্ত ৩৩১ জন বন্দীর আত্মসমর্পণের তথ্য জনান নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম।
এছাড়া আজ বুধবার সকালে মৌসুমী ও খাদিজা নামে দুই নারী জঙ্গিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে এন্ট্রি টেরিজম স্কোয়াড। তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কারাগার থেকে পালিয়ে যাওয়া ৯ জঙ্গির মধ্যে এখনও ৭ জঙ্গি ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই তাদেরকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, নরসিংদী জেলা কারাগারে ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় লুট হওয়া ৮৫টি রাইফেলের মধ্যে ৩৯টি ৮ হাজার ১৫টি গুলির মধ্যে ১ হাজার ৬৭টি গুলি উদ্ধার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ১২৮ জন পলাতক কারাবন্দী আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন বলে জানান নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কাজী নাজমুল ইসলাম। আত্মসমর্পণকারী বন্দীদের মধ্যে চারজন নারী। এছাড়া পালিয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন সময় আরও ৬৫ জন বন্দীসহ আজ বুধবার বেলা ২টা পর্যন্ত সর্বমোট ৩৩১ জন বন্দী আত্মসমর্পণ করেন।
তিনি জানান, কারাগার থেকে পালানো সব বন্দী আত্মসমর্পণ করা না পর্যন্ত এ প্রক্রিয়া চলমান থাকবে।




