কোটা সংস্কারের দাবিতে পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি অনুযায়ী শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া ‘ স্লোগান দেন। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সেখানে পুলিশ ব্যারিকেড দেয়। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। তবে হামলার ঘটনা ঘটেনি।
পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে চলে গেছে। আরেকটি অংশ শাহবাগে রয়ে গেছে। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আন্দোলনস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য সতর্ক অবস্থায় মোতায়েন রয়েছে।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে টানা অবরোধ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত ৭ জুলাই থেকে ‘বাংলা ব্লকেড’ নামে কর্মসূচি শুরু হয়। প্রথম দু-দিন অর্ধদিবস অবরোধ চলার পর মঙ্গলবার একদিন বিরতি দিয়ে গতকাল বুধবার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি চলে।
কোটা সংস্কারে শিক্ষার্থীদের এক দফা দাবি হলো: সব গ্রেডে সকল প্রকার অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে।




