বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ভয়ে আতঙ্গে মনোনয়নপত্র জমা দিতে পারেননি জাপার ৩৮ প্রার্থী

ভয়ে আতঙ্গে মনোনয়নপত্র জমা দিতে পারেননি জাপার ৩৮ প্রার্থী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

নির্বাচনী এলাকায় গিয়ে মনোনয়নপত্র  জমা দিতে পারেননি জাতীয় পার্টির অন্ততপক্ষে ৩৮ জন প্রার্থী। জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ প্রেসিডিয়ামের সদস্যরা ঢাকায় থেকেই প্রতিনিধির মাধ্যমে গতকাল  মনোনয়নপত্র জমা দেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ভয়ে আতঙ্গে মনোনয়নপত্র  জমা দিতে পারেননি তারা। তবে ঢাকা ১৭, লালমনিরহাট-১ ও রংপুর-৩ আসনে  প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ। পাশাপাশি গাইবান্ধা-৫ আসনে প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র জমা দেন তার সহধর্মিণী বেগম রওশন এরশাদ। তবে পটুয়াখালী-১ আসনে নির্বাচন অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার। আর বরিশাল-৬ আসনে মনোনয়নপত্র জমা দেন তার স্ত্রী নাসরিন জাহান রত্না। জাপা মহাসচিবের একান্ত সচিব জসিম উদ্দিন এমনই দাবি করেছেন। নির্বাচনী মাঠে না গিয়ে প্রতিনিধির মাধ্যমে খুলনা-১ আসন  (দাকোপ-বৈঠাঘাটা) মনোনয়নপত্র জমা দিয়েছেন জাপা চেয়ারম্যান এরশাদের রাজনৈতিক সচিব ও প্রেস সচিব সুনীল শুভ রায়। লালমনিরহাট-৩ আসনে মনোনয়নপত্র জমা দেন হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই ও নির্বাচনকালীন সরকারের মন্ত্রী জিএম কাদের। বাণিজ্যমন্ত্রী জিএম কাদেরের গাড়িতে গতকাল ইটপাটকেল ও জুতা ছুড়ে বিক্ষোভ করেছে বিরোধীরা। রংপুর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে হরতাল ও সড়ক অবরোধ চলাকালে পুলিশি পাহারায় মন্ত্রী জিএম কাদের গাড়ি নিয়ে জেলা প্রশাসন কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। বিএনপি দলীয় কার্যালয়ের সামনে দিয়ে পার হওয়ার পর পরই নেতাকর্মীরা পেছন থেকে ধর ধর বলে হট্টগোল শুরু করে। এ সময় তারা বিক্ষোভ করে পেছন থেকে জুতা-স্যান্ডেল নিক্ষেপ করে।

এছাড়া, রংপুর-৫ আসনে ফকরুজ্জামান জাহাঙ্গীর, মানিকগঞ্জ-২ আসনে এসএম আব্দুল মান্নান ও চাঁদপুর-৩ আসনে ডা. শহিদুল ইসলামসহ দেশের বিভিন্নস্থানে অন্ততপক্ষে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি।

ওদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভ রায় গতকাল সন্ধ্যায় মানবজমিনকে বলেছেন- চারটি বিষয় মাথায় রেখে মনোনয়নপত্র জমা ও নির্বাচনে যাচ্ছেন হুসেইন মুহম্মদ এরশাদ। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে হবে সরকারকে। এসব শর্ত পূরণ না হলে জাপা চেয়ারম্যান দলীয় ফোরাম ডেকে  সিদ্ধান্ত নেবেন। অবশ্য এরশাদ তার প্রার্থীদের আগাম ঘোষণা দিয়ে রেখেছেন নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে “ওয়েট ফর মাই সিগন্যাল”।

আরও পড়ুন

সর্বশেষ