ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
নির্বাচন না করার সিদ্ধান্ত থেকে ফিরে এলে মৃত্যু ছাড়া কোনা উপায় নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বারিধারায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তেই রয়েছেন কি না-জানতে চাইলে এরশাদ বলেন, ‘আমি বলেছি, নির্বাচনে যাবো না। আমি আমার সিদ্ধান্তে অটল রয়েছি। কেউ আমাকে এ সিদ্ধান্ত থেকে এক চুলও নড়াতে পারবে না। সিদ্ধান্ত থেকে বিচ্যুত হলে মৃত্যু ছাড়া অন্য কোনো উপায় থাকবে না।’
তিনি বলেন, ‘আমার কাছে সবার (মন্ত্রী) পদত্যাগপত্র রয়েছে, সবাই আমাকে পদত্যাগপত্র দিয়েছেন। আশা করি, রাষ্ট্রপতির সঙ্গে পরশু (শনিবার) দেখা হবে। যখন দেখা হবে, তার কাছে তা দিয়ে দেবো।’
উল্লেখ্য, দুপুরে নির্বাচনকালীন সরকারের বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, বিমানমন্ত্রী রুহুল আমীন হাওলাদার, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলাম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু পদত্যাগপত্র এরশাদের হাতে তুলে দেন।
ওই সময় জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, ‘এরশাদর স্ত্রী স্বাস্থ্যমন্ত্রী রওশন এরশাদও পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। বাকি দুই জন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে টেলিফোন করে পদত্যাগপত্র দিতে বলা হয়েছে।’
গত মঙ্গলবার এরশাদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর এই দুই জন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর আওয়ামী লীগ নেতারা বলেছিলেন, জাতীয় পার্টি তাদের সঙ্গেই রয়েছে। এর একদিন বাদেই এরশাদ তার দলের মন্ত্রীদের পদত্যাগ করতে বলেন।




