ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিলেও নির্বাচনে যাওয়ার ব্যাপারে মত দিয়েছেন নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া জাতীয় পার্টির নেতারা। তারা বলেছেন, সাংবিধানিক ধারায় দেশের গণতন্ত্রকে সচল রাখতে নির্বাচনে যাওয়ার কোনো বিকল্প নেই। তারা এখন নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তেই আছেন।
মঙ্গলবার গণভবনে রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নির্বাচনকালীন সরকারের মন্ত্রীদের বৈঠকে তারা এসব কথা বলেছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। বৈঠকে কয়েকজন আওয়ামী লীগ নেতাও উপস্থিত ছিলেন। রাত আটটায় প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠক শুরু হয়। শেষ হয় রাত দশটার পর।
বৈঠক থেকে বের হয়ে বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্বাচন থেকে সরে যাওয়ার প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। এসময় দলের অন্য নেতারা আগামী নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মত দিয়েছেন। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টি নিয়ে যেটুকু সঙ্কট সৃষ্টি হয়েছে তা ঠিক হয়ে যাবে। আমি দুপুরেও বলেছি এক সপ্তাহ অপেক্ষা করুন। এখনো তাই বলছি।
এছাড়াও বুধবার আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় পার্টি (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু প্রমুখ উপস্থিত রয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী সেনাবাহিনী, ডিজিএফআই ও এনএসআইয়ের প্রধানদের সঙ্গে বৈঠক করেন বলে জানা গেছে।
এদিকে কাল বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে কী নিয়ে আলোচনা হতে পারে তা জানা যায়নি।




