ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে এক কাভার্ডভ্যানের ধাক্কায় অপর এক কাভার্ডভ্যানের চালক ও তার সহযোগী নিহত হয়েছে। মঙ্গলবার ৪ জুন ভোর ৫ টার দিকে উপজেলার ছুপুয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, মহাসড়কের মাঝখানে ইঞ্জিন বন্ধ একটি কাভার্ডভ্যান থেমে যায়। পরে ইঞ্জিন চালু করার জন্য পেছন থেকে অপর একটি কাভার্ডভ্যানের সহযোগিতা নেয় চালক সাগর। এসময় সাহায্যকারী কাভার্ডভ্যানটিকে পেছন থেকে অন্য একটি ট্রাক ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যান ও ট্রাকের মাঝে চাপা পড়ে প্রথম ইঞ্জিন বন্ধ কাভার্ডভ্যানের চালক ও সহকারী নিহত হয়।
ওসি আরও জানান, এ ঘটনার পর পেছন থেকে ধাক্কা দেয়া কাভার্ডভ্যানটি ফেলে চালক ও সহযোগী পালিয়ে যায়। আমরা দুইটি কাভার্ডভ্যান উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।




