রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়এমপি আনার হত্যা: নেপাল থেকে ফিরছে ডিবির তদন্ত দল

এমপি আনার হত্যা: নেপাল থেকে ফিরছে ডিবির তদন্ত দল

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার তদন্তে নেপাল যাওয়া ডিবি পুলিশের দলকে ‘খালি হাতে’ই ফিরতে হচ্ছে। মঙ্গলবার দুপুরে তদন্ত কমিটির দলটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

বাংলাদেশি পাসপোর্টধারী সিয়াম হোসেন কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনসের ফ্ল্যাটে আনারকে খুনের পর নেপালে গিয়ে আত্মগোপন করেন। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) তথ্যের ভিত্তিতে সিয়ামকে আটক করা হয়। কিন্তু সিয়ামকে জিজ্ঞাসাবাদ বা তাকে দেশে ফেরত আনতে পারেনি ডিবির তদন্ত দল।

এর আগে শনিবার নেপাল যায় ডিবির তদন্ত কমিটির প্রধান হারুন অর রশীদসহ তিন সদস্যের একটি দল। তার আগে দলটি ভারতে গিয়ে সেখানে আটক এমপি আনার হত্যায় জড়িত কসাই জিহাদকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ পায়।

ডিবি সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টা ১০ মিনিটে নেপাল থেকে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। সেখানেই তিনি নেপালে তদন্ত বিষয়ে কথা বলবেন। তবে সিয়ামকে ফেরত আনা সম্ভব হলো না। ভারতীয় সিআইডি পুলিশ তাকে দেশটিতে ফেরত নিতে কাজ করছে।

গত ১২ মে বাংলাদেশ থেকে ভারত যান এমপি আনার। পরের দিনই তিনি নিখোঁজ হন। এর ৯ দিন পর খবর আসে আনারকে খুন করে মরদেহ গুম করা হয়েছে। তবে এখনো পর্যন্ত তার মরদেহের সন্ধান মেলেনি। আলোচিত এই হত্যায় নাম আসছে এমপি আনারের বন্ধু আক্তারুজ্জামান শাহীনের। তার পরিকল্পনায় এই হত্যায় জড়িত বাংলাদেশে একজন নারীসহ তিনজন এবং ভারতে একজন গ্রেপ্তার হয়েছেন। এছাড়া নেপালে একজন আটক আছেন।

আরও পড়ুন

সর্বশেষ