পুলিশি নির্যাতনে এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ এনে আগামী রোববার কক্সাবাজারে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। কক্সবাজার জেলা বিএনপি’র দফতর সম্পাদক ইউসুফ বদরী এ তথ্য জানিয়েছেন। কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া এলাকার হাজি আব্বাস উদ্দিনের ছেলে ও উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম (৩৫) জামিনে মুক্তি পাওয়ার পর বৃহস্পতিবার রাত ১০টার দিকে চকরিয়া মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
কক্সবাজার জেলা বিএনপির দফতর সম্পাদক ইউসুফ বদরী জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ১৮ দলের অবরোধ কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার চকরিয়ায় পুলিশের হাতে আটক হন হালিম। বুধবার জামিনে মুক্ত পাওয়ার পর বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশের নির্যাতনেই হালিমের মৃত্যু হয়েছে—এমন অভিযোগ করে তিনি জানান, এই ঘটনার প্রতিবাদে বিএনপি রোববার কক্সবাজার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে।
এদিকে পুলিশ হেফাজতে হালিমকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে চকরিয়ার থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানিয়েছেন, যুবদল নেতা হালিমকে পুলিশ কোনো ধরনের নির্যাতন করেনি।




