রিজার্ভ ঠিক করার জন্য রপ্তানি ও রেমিট্যান্স বাড়াতে হবে। এখন সবাই ব্যস্ত, কারণ সামনে নির্বাচন। নির্বাচনের পর নতুন সরকার এলে সব কিছু ঠিক হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
রোববার (১ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ভবনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস উইটলির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এ কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, রিজার্ভ নিয়ে অনেক কথা বলা হচ্ছে, আমার কথা হলো যদি ২১ বিলিয়ন রিজার্ভ হয়, তাহলে চার মাস এক্সপোর্ট করতে পারব। আমাদের ইমপোর্ট ৫ বিলিয়নে নেমে এসেছে। ফলে এই রিজার্ভ দিয়ে চার মাস এক্সপোর্ট করা যাবে। অনেক দেশ আছে যাদের রিজার্ভ দিয়ে দুই মাস ও এক মাস এক্সপোর্ট করা যায়। তারপরও তারা কিন্তু ম্যানেজ করতে পারে।




