ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি হারুন অর রশিদ (৩০) ও রাশেদ (২৭) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় কিল্লারহাট বাজারে দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর করেছে যুবদলের নেতাকর্মীরা। বুধবার দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের কিল্লার হাট বাজারে ওয়ার্ড যুবদলের সভাপতি হারুন অর রশিদ ও যুবদল কর্মী রাশেদের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হারুনের অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার জানান, ‘আমরা বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি।




