আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ (সদর) আসনে নৌকার মনোনয়ন চেয়ে নিজের প্রার্থিতা ঘোষণা দিয়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একমাত্র ছেলে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আরশাদ আদনান রনি। মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে শহরের সাহাবুদ্দিন চুপ্পু পার্ক (জুবলি ট্যাংক) সংলগ্ন নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
আরশাদ আদনান রনি বলেন, ‘আমি পাবনা-৫ আসন থেকে নৌকার কাণ্ডারি হওয়ার ইচ্ছে পোষণ করছি। আমি পাবনাবাসীকে জানাতে চাই- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি পাবনা-৫ (সদর) আসনে মনোনয়ন চাইব এবং উনি মনোনয়ন দিলে পাবনার মানুষের জন্য কাজ করতে পারব।
আরশাদ আদনান রনি আরও বলেন, এরই মধ্যে আমি পাবনাবাসীর ব্যাপক সাড়া পেয়েছি। আমি চেষ্টা করব পাবনায় আওয়ামী লীগকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে কাজ করতে। আমার কাজ হবে নৌকাকে জয়যুক্ত করা। আমি যদি নৌকা নাও পাই যিনি নৌকার মনোনয়ন পাবেন তার পক্ষেই কাজ করব ইনশাআল্লাহ।
মতবিনিময়কালে রাষ্ট্রপতিপুত্র পাবনা-ঢাকা ট্রেন চলাচল, ৫০০ শয্যার পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল, ইছামতি নদী খনন করে সিঙ্গাপুরের আদলে সৌন্দর্য বর্ধন, শহর সম্প্রসারণ, রাস্তাঘাট বড় করা, শহরকে আধুনিকায়নসহ নানা উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন।
মতবিনিময় সভায় পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সহ-সভাপতি শহিদুল ইসলাম শহীদ, পাবনা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাজিউর রহমান রুমী, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




