শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রচ্ছদজাতীয়ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে ঈদুল আজহা

ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে ঈদুল আজহা

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে রাজধানী ও বিভাগীয় শহরসহ দেশের বিভিন্ন প্রধান প্রধান মসজিদ ও ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাতেও অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে মহান আল্লাহর সন্তুষ্টির আশায় সারাদেশে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার নামাজ। বৃষ্টি উপেক্ষা করে জামাতে শরীক হন ধর্মপ্রাণ মুসল্লিরা।

সকাল থেকেই বিভিন্ন জেলায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। ছাতা মাথায় ঈদগাহ ময়দানে আসেন মুসল্লিরা। ধনী-গরিব এক কাতারে দাঁড়িয়ে আল্লাহ দিদার লাভের আশায় নামাজ আদায় করেন। নামাজ শেষে মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। অশ্রুসজল চোখে প্রার্থনা করেন অনেকে। চান দেশ ও জাতির সমৃদ্ধি।

নামাজ শেষে বিভেদ ভুলে একে অপরের সাথে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন সর্বস্তরের মানুষ। এরপর আর্থিক সামর্থ্য অনুযায়ী কেনা গরু, ছাগল, ভেড়া, মহিষ আল্লাহর নামে কোরবানি করছেন।

ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি মাথায় নিয়েই সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক ইমামতি করেন। আর সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস নামাজ আদায় করেন। এ ছাড়া সকাল পৌনে ১১টা পর্যন্ত বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন মুসল্লিরা।

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে দুই দফায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। নামাজে অংশ নেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ. জ. ম নাছির উদ্দীন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী মীর মো. নাছির উদ্দিন ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠসহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা।

উত্তরের বিভাগীয় শহর রাজশাহীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় জামে মসজিদে। রাজশাহীর বিশাল এ ঈদ জামাতে ইমামতি করেন মহানগরীর হেতমখাঁ বড় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা ইয়াকুব আলী। রাজশাহীর পুনর্নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ ও জেলা প্রশাসক শামীম আহমেদসহ বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেন।

বরিশাল নগরীর বান্দরোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজাহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম, বর্তমান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, তার চাচা ও নবনির্বাচিত সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতারা।

সকাল ৮টায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্স প্রাঙ্গণে। এক ঘণ্টা পর একই মসজিদে দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে দেশের শান্তি-সমৃদ্ধি ও বিশ্ব মুসলিম উম্মাহর সম্প্রীতি কামনায় মোনাজাত করা হয়। সেখানে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতা, বিশিষ্টজন এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

লাখো মুসল্লির অংশগ্রহণে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে দেশের বৃহৎ ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হওয়া নামাজে প্রায় দুই লাখ মুসল্লি অংশ নিয়েছেন। ঐতিহাসিক এই ঈদের জামাতে অংশ নিতে ঠাকুরগাঁও জেলা থেকে একটি ট্রেন ও পার্বতীপুর উপজেলা হতে আরও একটি ট্রেনের বিশেষ ব্যবস্থা ছিল।

বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাটের বিশ্বঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এতে ইমামতি করেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। এ সময় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সারাদেশে বিভিন্ন মসজিদে একাধিক জামাতের আয়োজন করে মসজিদ কর্তৃপক্ষ ও এলাকাবাসী। আর নামাজকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

আরও পড়ুন

সর্বশেষ